দক্ষিণ সুরমায় রাস্তা উন্নয়নে যত টাকা প্রয়োজন দেওয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত February 27, 2022
দক্ষিণ সুরমায় রাস্তা উন্নয়নে যত টাকা প্রয়োজন দেওয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

দক্ষিণ সুরমা প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা মো এনামুর রহমান বলেছেন, দক্ষিণ সুরমার রাখালগঞ্জ, ইনাতআলীপুর, মির্জানগর ও মানিকপুর রাস্তার কাজ আগামী বর্ষা মৌসুমের আগেই শুরু হবে। এ জন্যে টাকার কোন অভাব হবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অর্থের অভাব নেই। এসব রাস্তা নির্মাণে যত কোটি টাকা লাগে দেওয়া হবে।
শনিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ থেকে ইনাতআলীপুর, মির্জানগর ও মানিকপুর রাস্তা পরিদর্শন শেষে ইনাতআলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নিশ্চয়তা দেন।
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সানর মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব দক্ষিণ সুরমা উপজেলার অবহেলিত এই গ্রামগুলোকে উন্নয়নের আওতায় আনতে নির্বাচনের পূর্বে দেওয়া তার প্রতিশ্রুতি পূরণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আশ্বাস দেওয়ায় তাকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার, জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা নুরুল ইসলাম, লালাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা খিজির খান, পংকি মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কাদির সাদেক, সাধারণ সম্পাদক সারোয়ার আলম মিতুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মঞ্জুর আহমদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা শাহীন আলী ও যুবলীগ নেতা মনসুর আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল বাছিত বাবুল, ইউপি সদস্য ইরা মিয়া ও খসরুজ্জামান।