করোনা সংক্রমণ রোধে ইমাম সমাজের প্রতি সহযোগিতার আহবান জেলা প্রশাসকের

প্রকাশিত February 3, 2022
করোনা সংক্রমণ রোধে ইমাম সমাজের প্রতি সহযোগিতার আহবান জেলা প্রশাসকের

জাকারিয়া হোসেন : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টিতে মসজিদ ভিত্তিক প্রচারণার উপর গুরুত্ব আরোপ করে এ ক্ষেত্রে ইমাম সমাজের প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সকারে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ইমামদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় তিনি সভাপতির বক্তব্যে এ আহবান জানান।
জেলা প্রশাসক প্রতিবার আজানের আগে ও পরে ইসলামিক ফাউন্ডেশন থেকে সরবরাহ করা একই বার্তা প্রচারের পরামর্শ দেন।
তিনি বলেন, মজজিদ কেবল নামাজ আদায়ের জন্যে নির্ধারিত নয়। পবিত্র এই ঘরটি নৈতিক শিক্ষা এবং জ্ঞান বিতরণেরও সবচেয়ে বড় জায়গা। এছাড়া ইমামদের কথা মানুষ অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করে থাকে।
জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্ম নৈতিক শিক্ষা পাচ্ছেনা বলেই তাদের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত হচ্ছেনা। তারা নেশায় আসক্ত হচ্ছে, অন্যায় কাজ করছে এবং অপরাধে জড়িয়ে পড়ছে। তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।
তিনি ইমামদেরকে করোনার টিকা গ্রহণের আহবান জানিয়ে বলেন, তারা যাতে টিকাকেন্দ্রে গিয়েই টিকা নিতে পারেন সেই ব্যবস্থা রাখা হয়েছে।
জেলা প্রশাসক ঘরের বাইরে গেলে মাস্ক পরিধান ও শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অনুসরণ এবং টিকা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করার উপর জোর দিয়ে বলেন, তাহলেই কেবল দেশ করোনামুক্ত হতে পারবে।
মানবতার জয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ এম মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন।