৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের শ্রেষ্ঠ অফিসার হলেন এএসআই পাবেল

প্রকাশিত January 26, 2024
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের শ্রেষ্ঠ অফিসার হলেন এএসআই পাবেল

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের জানুয়ারি মাসের মাসিক কল্যাণ সভায় ৭ এপিবিএন সিলেটের মিডিয়া সেলে সঠিকভাবে দায়িত্ব পালন, সাংবাদিকদের সঙ্গে সমন্বয় ও নিউজ সরবরাহ করাসহ অফিসিয়াল ফেইসবুক পেইজ দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য মিডিয়া উইংয়ের এএসআই (স) ক্লার্ক মো পাবেলকে শ্রেষ্ঠ অফিসার হিসাবে পুরস্কৃত করা হয়েছে।
৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম তাকে পুরস্কৃত করেন।
২৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ৭ এবিপিএন সদর দপ্তর লালাবাজারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন ব্যাটালিয়ন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম। রিজার্ভ অফিসার এসআই টিপু সুলতানের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো মফিজুল ইসলাম, এএসপি মো আসাবুর রহমান ও মেডিক্যাল অফিসার ডা রুহুল আমিন খান রিজভী। অস্থায়ী হেডকোয়ার্টার খাগড়াছড়ি থেকে অনলাইনে যুক্ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো মোস্তফা হারুন, এএসপি দেলোয়ার হোসেন ও এএসপি আবুল হাসান মো যাঈদ।
এছাড়াও সদর দপ্তর সিলেট, খাগড়াছড়ি ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্প থেকে পুলিশ পরিদর্শকগণসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ সশরীরে ও অনলাইনে সভায় সংযুক্ত ছিলেন।
কল্যাণ সভায় ফোর্সের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করে কিছু কিছু বিষয় তাৎক্ষণিক সমাধান করা ও কিছু কিছু বিষয় সমাধান করার জন্য সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশ দেন অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম।
তিনি দেশ ও জাতির কল্যাণে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, হারানো মোবাইল উদ্ধার ও বিকাশ প্রতারণা সহ সাইবার ক্রাইম প্রতিরোধে আরও জোরালোভাবে কাজ করতেও সবাইকে নির্দেশ দেন।
এছাড়া গত ডিসেম্বর মাসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের জন্য এএসপি আসাবুর রহমান, মেডিক্যাল অফিসার ডা রুহুল আমিন খান রিজভী, পুলিশ পরিদর্শক মো মিজানুর রহমান, এএসআই মো হেলাল মিয়া এবং পানিবাহক মো শাহজাহানকেও পুরস্কৃত করেন অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম। তথ্য বিবরণী