৫২ বিজিবির অভিযানে পৌণে ২ কোটি টাকার ভারতীয় জিরা-কসমেটিকস জব্দ

প্রকাশিত April 9, 2026
৫২ বিজিবির অভিযানে পৌণে ২ কোটি টাকার ভারতীয় জিরা-কসমেটিকস জব্দ

সাইফুল ইসলাম সুমন, জুড়ী : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অভিযানে পৌণ ২ কোটি টাকার ভারতীয় অবৈধ জিরা ও প্রসাধনী (কসমেটিকস) জব্দ হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল মো আতাউর রহমান সুজনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত হতে আনুমানিক ৪ কিলোমিটর বাংলাদেশের অভ্যন্তরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ এলাকা হতে এসব পণ্য জব্দ করে, যার সিজার মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ‎
এ সম্পর্কে জানতে চাইলে ৫২ বিজিবি অধিনায়ক লে কর্নেল মো আতাউর রহমান সুজন বলেন, পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয়, সরকার ন্যায্য রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হয় এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক চক্র সক্রিয় হয়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থান গ্রহণ করছে। সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা এবং চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে বিজিবি তার অপারেশনাল কর্মকাণ্ড অব্যাহত রাখছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজিবি এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।