৩১ দফা দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের মডেল : ফয়সল চৌধুরী

প্রকাশিত October 11, 2025
৩১ দফা দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের মডেল : ফয়সল চৌধুরী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের একটি মডেল। এই মডেল বা রূপরেখার মূল লক্ষ্য হলো গণতন্ত্রের সুরক্ষা, শিক্ষা ব্যবস্থার সংস্কার, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, মানবাধিকারের সংরক্ষণ, দুর্নীতি প্রতিরোধ, কৃষির টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন করা। দেশ, রাষ্ট্রের আমূল পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার ৩১ দফা একটি ঐতিহাসিক দলিল হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।
শুক্রবার (১০ অক্টোবর) রাত ১০টায় বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কটুখালিপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়সল চৌধুরী আরও বলেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। দলের নিবেদিতপ্রাণ নেতাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে ফায়দা হাসিল করতে চায় একটি কুচক্রি মহল; কিন্তু আওয়ামী লীগের মতো কুখ্যাত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র যেমন পরাজিত হয়েছে, তেমনি এখন যারা ষড়যন্ত্রে লিপ্ত তারাও পরাজিত হবে। এজন্য দলের নেতাকর্মীদের সোচ্চার ও সচেতন থাকতে হবে। তিনি নেতা-কর্মীদেরকে সতর্ক করে দিয়ে বলেন, নির্বাচনের সময় এখন। তাই নানা টোপ ফেলা হচ্ছে-হবে। সেসব খেয়াল রেখে বিএনপির একতা বজায় রেখে নির্বাচনে ‘ধানের শীষ’কে বিপুল ভোটে জয়ী করে ষড়যন্ত্রকারীদের উপযুক্ত জবাব দিতে হবে।
ওয়ার্ড বিএনপি সভাপতি তমছির আলী মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক এম এ হাসনাত জামিল ও উপজেলা বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাছান আহমেদর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছারওয়ার হোসেন, সহসভাপতি এম এ মান্নান, বিএনপি নেতা সেলিম উদ্দন, উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক মিছবাহ উদ্দিন এবং সিলেট জেলা যুবদলের মৎস ও পশু বিষয়ক সম্পাদক খায়রুল আলম।–সংবাদ বিজ্ঞপ্তি