নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় গরু ও সুপারি আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ২৪ অক্টোবর (৮ কার্তিক) ১৯ বিজিবির জৈন্তাপুর বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবির টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮টি গরু আটক করে। আটককৃত গরুর সিজারমূল্য ৯ লাখ ২০ হাজার টাকা।
এছাড়াও লোভাছড়া ও সুরাইঘাট বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ৩৫০ কেজি সুপারি ও ১টি পিকআপ আটক করতে সক্ষম হয়। আটককৃত সুপারি ও পিকআপের সিজারমূল্য ১৮ লাখ ৯০ হাজার টাকা।
বিশেষ অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২৮ লাখ ১০ হাজার টাকা বলে ১৯ বিজিবি থেকে জানানো হয়েছে।