নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) প্রায় সোয়া ১২ লাখ টাকার ভারতীয় গরুসহ বিভিন্ন অবৈধ মালামাল আটক করেছে।
এক তথ্য বিবরণীতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ জানুয়ারি) জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার নুনছড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৭২০ কেজি ভারতীয় জিরা জব্দ করে, যার সিজার মূল্য ৭ লাখ ২০ হাজার বিশ হাজার টাকা।
একই দিন জৈন্তাপুর ও গুয়াবাড়ী বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। গরুগুলোর সিজারমূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া শুক্রবার (২ জানুয়ারি/১৮ পৌষ) জৈন্তাপুর বিওপির একটি টহল দল জৈন্তাপুর উপজেলার গৌরীশংকর নামক স্থানে অভিযান পরিচালনা করে ৬০ হাজার টাকার ৪০০ কেজি ভারতীয় চিনি জব্দ করতে সক্ষম হয়।
এসব অভিযানে আটককৃত গরু ও মালামালের সর্বমোট সিজার মূল্য ১২ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।