নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় অবৈধ কম্বল ও গরুসহ নৌকা ও বালু আটক করেছে।
শনিবার (২৫ অক্টোবর/৯ কার্তিক) সিলেটের কানাইঘাট উপজেলার সোনারখেওর বিওপির একটি আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৬টি কম্বল আটক করে, যার সিজারমূল্য ২ লাখ ৮৮ হাজার টাকা।
এছাড়াও জৈন্তাপুর বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩টি গরু, বাংলাদেশী ইঞ্জিন চালিত ১টি নৌকা ও ২০ ফুট বালু আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের সিজারমূল্য ৩ লাখ ৬১ হাজার টাকা।
এসব অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৬ লাখ ৪৯ হাজার টাকা বলে ১৯ বিজিবি জানিয়েছে।