১৭ মাসে সড়ক রেল নৌ ও আকাশপথ দুর্ঘটনায় নিহত ১৩ ৪০৯ জন

প্রকাশিত January 6, 2026
১৭ মাসে সড়ক রেল নৌ ও আকাশপথ দুর্ঘটনায় নিহত ১৩ ৪০৯ জন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে গত ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত হয়েছেন।
সেভ দ্য রোড সংস্থার মহাসচিব শান্তা ফারজানা মঙ্গলবার (৬ জানুয়ারি/২২ পৌষ) সকাল ১১টায় রাজধানীতে ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সড়কপথে চরম নৈরাজ্য-বিশৃঙ্খলা আর আইন না মেনে বাহন চলাচলের কারণে ছোট-বড় মোট ৫৭ হাজার ৭৯৬টি দুর্ঘটনা ঘটে। এতে ১২ হাজার ৬৯৪ জন নিহত ও ৫৮ হাজার ৪৯১ জন আহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ১৭ মাসে সড়কে নেমেছে ২ লক্ষাধিক মোটর সাইকেল ও ৫ লক্ষাধিক অবৈধ ব্যাটারি চালিত রিকশা। ঢাকাসহ সারাদেশে ১৩ হাজার ৮২৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ হাজার ৮৩২ জন ও নিহত হয়েছেন ২ হাজার ৬৩৮ জন। সেই সাথে উল্টোপথের বাহন হিসেবে ব্যাপক সামালোচিত ব্যাটারি চালিত অটোরিকশা, নসিমন, করিমন ও পিকআপসহ এই শ্রেণির বাহনে ২১ হাজার ৬৩১টি দুর্ঘটনায় আহত হয়েছেন ২৩ হাজার ৬০৩ জন ও নিহত হয়েছেন ৩ হাজার ৬৪৮ জন। নির্ধারিত গতিসীমা না মেনে ও বিশ্রাম না নিয়ে টানা ১২ থেকে ২০ ঘণ্টা বাহন চালানোসহ নির্ধারিত ট্রাফিক আইনসহ প্রয়োজনীয় নিয়ম না মানায় ১২ হাজার ৭৪৬টি বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ১১ হাজার ৬৯৭ জন ও নিহত হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন। ট্রাক-লরিসহ ভারী মালবাহী বাহনে নিয়ম না মেনে দ্রুতগতি ও অতিরিক্ত মালামাল বহনের কারণে ৮ হাজার ৯৬৮টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৯ হাজার ৩৫৯ জন ও নিহত হয়েছেন ২ হাজার ৬২৪ জন, যার অধিকাংশই পথচারী বা স্থানীয় নাগরিক।
প্রতিবেদনে আরো জানানো হয়, সেভ দ্য রোড চেয়ারম্যান মো আখতারুজ্জামান, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, সোনিয়া দেওয়ান প্রীতি ও সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিকসহ সংশ্লিষ্ট গবেষণা সেল সদস্যদের তত্ত্বাবধানে ১৭টি জাতীয় দৈনিক, ২০টি টিভি চ্যানেল, ২২টি নিউজ পোর্টাল ও স্থানীয় প্রত্যক্ষদর্শী-সেভ দ্য রোডের স্বেচ্ছাসেবী ও প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যানুসারে এই প্রতিবেদন দুর্ঘটনামুক্ত পথের লক্ষ্যে তৈরি করা হয়েছে।
আরো জানানো হয়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সড়কে চরম নৈরাজ্য-আইন না মানার সংস্কৃতি তৈরি হয়েছে, যা ক্রমশ সড়কে দুর্ঘটনা যেমন বৃদ্ধি করছে, তেমনি নিহত এবং আহতের সংখ্যাও বাড়াচ্ছে।
এছাড়াও নৌপথে ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে ২ হাজার ৫২টি। এতে আহত হয়েছেন ১ হাজার ৭৫৪ জন, নিহত হয়েছেন ১৮৭ জন ও নিখোঁজ আছেন ৪৬ জন।
রেলপথে ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে ১ হাজার ১০৬টি। এতে আহত হয়েছেন ১ হাজার ৭৬ জন ও নিহত হয়েছেন ৪৯২ জন। একই সময়ে আকাশপথে ১টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৬ জন ও আহত হয়েছেন ১৭২ জন। সেই সাথে বিমানবন্দরের কর্মরতদের দ্বারা হয়রানি, নির্যাতন ও হেনস্থার শিকার হয়েছেন ১৭ জন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সেভ দ্য রোড চেয়ারম্যান মো আখতারুজ্জামান, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, সোনিয়া দেওয়ান প্রীতি, সমাজসেবী পথবন্ধু আনিসুর রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক প্রমুখ। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি