দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস্ উন নূর বলেছেন, সিলেটের ইতিহাসে সাম্প্রতিক কালের ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি হতদরিদ্র মানুষ এখনও কাটিয়ে উঠতে পারেনি। দেশে শীত পড়তে শুরু করেছে। এতে বসতঘর বিধ্বস্ত হওয়া অসহায় দরিদ্র মানুষের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যাচ্ছে। মানবতার কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে সামর্থ অনুযায়ী সকলেরই এগিয়ে আসা উচিত। এতে সুবিধাবঞ্চিত মানুষের উপকার হবে এবং পারস্পরিক বন্ধন সুদৃঢ় হবে।
বৃহস্পতিবার সিলেট মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের কলাপাড়া ডহর এলাকায় আন্জুমানে খেদমতে কুরআন সিলেটের ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষের গৃহ নির্মাণ ও মেরামতের জন্য ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশিষ্ট সমাজসেবী, ১০ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল হাকিমের সভাপতিত্বে ও আন্জুমানে খেদমতে কুরআন সিলেটের সহকারী সেক্রেটারি ড মাওলানা এ এইচ এম সোলাইমানের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সহকারী সেক্রেটারি নূরুল আলম ও দাওয়া বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, আব্দুল জলিল ও পারভেজ আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি