সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল/৮ বৈশাখ) দুপুরে তিনি ঘাসিটুলা, লামাপাড়া ও কানিশাইল এলাকা পরিদর্শনে গেলে এলাকাবাসী ১০ ওয়ার্ডের বিভিন্ন সমস্যা তার কাছে তুলে ধরেন।
এলাকাবাসী সড়ক, ড্রেন ও মসজিদসহ এলাকার প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান।
সিসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সরেজমিন পরিদর্শন শেষে দ্রুত উন্নয়ন কাজ শুরুর আশ্বাস দেন।
সুন্দর ও বাসযোগ্য নগর গঠনে নাগরিকদের সহযোগিতা কামনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “আমরা নগরের উন্নয়ন করতে চাই; কিন্তু আমাদের আর্থিক সক্ষমতা সীমিত। সিসিকের রাজস্ব আয় কম হওয়ায় শুধু সরকারি বরাদ্দ দিয়ে সব উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তাই নগর উন্নয়নের স্বার্থে সকল নাগরিককে এগিয়ে আসতে হবে এবং যথাসময়ে গৃহকরসহ সকল প্রকার কর পরিশোধ করতে হবে।”
পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো আলী আকবর, সহকারী প্রকৌশলী কামরুজ্জামান কামরুল, ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির সভাপতি সাইদুর রহমান বুদলী, সহসভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান জুবেব, ঘাসিটুলা জামে মসজিদের প্রাক্তন মোতওয়াল্লি আব্দুর মতিন, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সবুজসেনা যুব সংঘের সভাপতি রিয়াদ আহমদ বাবলু, কানিশাইল পঞ্চায়েত কমিটির সভাপতি মো জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক আলী হোসেন বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি