বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে বর্তমান সরকার নয়ছয় করছে বলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন।
তিনি আরও বলেছেন, এই হত্যার দ্রুত বিচার না হলে মাঠে আন্দোলনের মুখে এ সরকারের পতনও হতে পারে।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, শহীদ হাদির বিচার নিয়ে সরকার প্রতারণার আশ্রয় নিচ্ছে।
বিচার করা নিয়ে সরকারের কোন স্বদিচ্ছা নেই জানিয়ে তিনি সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন, জনগণ মাঠে নামার আগে শহীদ ওসমান হাদি হত্যার বিচার বুঝিয়ে দিন।
শুক্রবার (২৬ জুন) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যার শিকার মুজিব আলীর বাড়ি গিয়ে পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় তার সাথে ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দ কুলাউড়া এনসিপি আয়োজিত সীমান্তবর্তী চাতলা বাজারে এক পথসভায় যোগ দেন।
এতে সারজিস আলম বলেন, ভারত নতুন করে বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে চোখ রাঙ্গানো শুরু হয়েছে। সীমান্তে হত্যা বন্ধের বিষয়টি সরকারকেই নিশ্চিত করতে হবে। বিএনপি সরকারের সময়ে যত সীমান্ত হত্যা হবে, সরকারকে নিহতদের পরিবারের দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, ”আমরা বিএনপি, জামাত ও এনসিপি ভেদাভেদ করতে চাইনা, যারা চাঁদাবাজি ও দুর্নীতি করবে আমরা তাদের একটুও ছাড় দেবোনা।”
পথসভায় এনসিপির জেলা ও উপজেলার নেতৃবৃন্দ সীমান্ত হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ১২ জুন বিএসএফের গুলিতে ভারতের অভ্যন্তরে কুলাউড়া উপজেলার দত্তগ্রামের মো অজিব আলীর ছেলে মো মুজিব আলী নিহত হন। পরে মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বিজিবি (৪৬ ব্যাটালিয়ন) জানায়, মুজিব আলী দীর্ঘদিন থেকে চোরাকারবারের সাথে সম্পৃক্ত ছিলেন।