হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্মআহবায়কের বাসায় বিস্ফোরণ || পুলিশ বলছে পটকা

প্রকাশিত May 6, 2023
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্মআহবায়কের বাসায় বিস্ফোরণ || পুলিশ বলছে পটকা

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্মআহবায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিমের বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
অ্যাডভোকেট এনামুল হক সেলিম জানান, কিছু দিন ধরে তার বাসায় সংস্কার কাজ চলছে। তাই বাসার ফার্নিচারগুলো বাইরে রাখা ছিল। বৃহস্পতিবার রাত ১টার দিকে বৃষ্টির কারণে ফার্নিচারগুলো পরিবারের সদস্যরা মিলে ভিতরে ঢুকাচ্ছিলেন। একপর্যায়ে রাত ১ টা ২০ মিনিটের দিকে কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনিসহ পরিবারের সবাই। প্রথমে তারা মনে করেন, বাসার পাশে বিদ্যুত কেন্দ্রে কোন বিস্ফোরণ হয়েছে অথবা দক্ষিণ শ্যামলীতে ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটেছে।
কিছুক্ষণ পর অ্যাডভোকেট এনামুল হক সেলিমের ছোট ভাই দেখতে পান, বাসার বাড়ান্দায় ও গেইটের সামনে ধূয়া উঠছে। সঙ্গে পেট্রোলের গন্ধ। তাই তারা বিষয়টি সম্পর্কে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা জানান, বোমা হামলা হয়নি। কে বা কারা পটকা ফুটিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।