হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মসংস্থান হয়েছে ১২ হাজার নারীর

প্রকাশিত March 1, 2026
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মসংস্থান হয়েছে ১২ হাজার নারীর

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ১২ হাজার নারীর কর্মসংস্থান হয়েছে।
এতে হবিগঞ্জ ও আশেপাশের অঞ্চলে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে বলে দাবি করেছেন দেশের শীর্ষস্থানীয় অন্যতম এই শিল্প গোষ্ঠীর পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জে একটি হোটেলে ‘নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান’ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন।
এ সময় হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিফ প্লান্ট অফিসার দীপক কুমার দেব বলেন, এই শিল্পপার্কটি শুধু নারীদের কর্মসংস্থানের সুযোগই সৃষ্টি করছে না-একই সাথে নিয়মিত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও প্রমোশনের সমান সুযোগ দিচ্ছে।
তিনি জানান, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত নারী কর্মীদের প্রায় ৮০ শতাংশই স্থানীয়। বাকিরা সিলেট ও মৌলভীবাজারসহ আশেপাশের জেলা থেকে এসেছেন।
উল্লেখ্য, প্রায় ১ হাজার ১০০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম বৃহৎ শিল্পপার্ক। এখানে বর্তমানে খাদ্যপণ্য, প্লাস্টিক হাউজহোল্ড পণ্য, পার্সোনাল কেয়ার, হালকা প্রকৌশল ও টেক্সটাইলসহ পঞ্চাশের বেশি ধরনের পণ্য তৈরি হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপেরর অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।