হবিগঞ্জে হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরে বাবার ইচ্ছে পূর্ণ করলেন ছেলে

প্রকাশিত August 4, 2023
হবিগঞ্জে হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরে বাবার ইচ্ছে পূর্ণ করলেন ছেলে

এস এম সুরুজ আলী, হবিগঞ্জ : বর সেজে হেলিকপ্টারে চড়ে বউ নিয়ে বাড়ি ফিরে বাবার ইচ্ছে পূর্ণ করলেন ছেলে। এই বিলাসী বিয়ে হবিগঞ্জের মানুষকে ভীষণ নাড়া দিয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় হঠাৎ করেই হবিগঞ্জ জেলা সদরের কেন্দ্রীয় ঈদগা ময়দানে নামে একটি হেলিকপ্টার। এ নিয়ে চারদিকে হুলস্থূল পড়ে যায়। অনেকে ছুটতে থাকে ঈদগা ময়দানে। সবার মনে নানা প্রশ্ন দোল খেতে থাকে।
এক সময় হেলিকপ্টার থেকে বর বেশে নেমে আসেন সদর উপজেলার সানাবই গ্রামের প্রাক্তন ইউপি মেম্বার যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি-ইনকের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন তালুকদার ও আয়েশা খাতুন তালুকদারের ছেলে আরিফ হোসেন তালুকদার। ততক্ষণে কনে পক্ষও এসে হাজির। তবে উৎসুক মানুষের সংখ্যাই বেশি ছিল।
বরকে স্বাগত জানানো হলো। কনে বাড়িতে সকল আনুষ্ঠানিকতা শেষে সম্পন্ন হলো বিয়ে। কনে হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার শিক্ষক দম্পতি সুফায়েল আহমেদ তালুকদার ও আমেনা চৌধুরীর মেয়ে নিশাত আঞ্জুম তালুকদার ইতি। আয়োজনে কোনোকিছুর ঘাটতি ছিলনা।
এবার ঘরে ফেলার পালা। বর-কনে গাড়িতে করে পৌঁছলেন ঈদগা ময়দানে। সেখান থেকে আকাশে উড়া। বিকেল ৫টায় হেলিকপ্টারটি বরের ঠিকানায় পাখা মেলে।
কনের বাবা সুফায়েল আহমেদ তালুকদার জানান, ঈচ্ছে ছিল ধূমধাম করে মেয়ের বিয়ে দেওয়ার। ইচ্ছে পূরণ হয়েছে।
আর বর আরিফ হোসেন তালুকদার জানালেন, বাবার স্বপ্ন পূরণ করতে পেরে খুব ভাল লাগছে।
বর আরিফ হোসেন তালুকদার যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে আর কনে দেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।