হবিগঞ্জে হত্যামামলার এক আসামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার

প্রকাশিত September 13, 2025
হবিগঞ্জে হত্যামামলার এক আসামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জে একটি হত্যামামলার এক আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে।
মামলার বিবরণ দিয়ে র‌্যাব-৯ জানায়, জেলার বাহুবল উপজেলার ভুগলী দক্ষিণপাড়া এলাকার জামাল মিয়ার সাথে নানা বিষয়ে বিরোধের জের ধরে গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৪টায় প্রতিপক্ষ তাকে ঘর থেকে তুলে নিয়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর পরদিন সকাল ৬টার দিকে গ্রামের একটি ধান ক্ষেতে জামাল মিয়ার ক্ষত-বিক্ষত মরদেহ পাওয়া যায়।
এ ব্যাপারে জামাল মিয়ার স্ত্রী বাদি হয়ে বাহুবল মডেল থানায় একটি হত্যামামলা দায়ের করলে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (১৩ সেপ্টেম্বর/২৯ ভাদ্র) রাত ৪টা দিকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বানিয়াচং দক্ষিণ ইউনিয়নের যাত্রাপাশা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ৪ নম্বর পলাতক আসামি ছায়েদ মিয়াকে (৩২, পিতা তৈয়ব আলী, ভুগলী, বাহুবল, হবিগঞ্জ) ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।