হবিগঞ্জে সৎ ছেলের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ এক বিধবার

প্রকাশিত August 14, 2022
হবিগঞ্জে সৎ ছেলের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ এক বিধবার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সৎ ছেলে পিতৃসম্পত্তি দখল করে রাখায় বিধবা সৎ মা নিজের দুই নাবালক সন্তান নিয়ে বিপাকে পড়েছেন।
উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের মৃত লুৎফুর রহমানে তৃতীয় স্ত্রী শরিফা আক্তার শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি জানান, তার স্বামীর ২৭৫ কেদার জমি ও বাসা-বাড়িসহ সকল সম্পত্তি দখল করে রেখেছেন সৎ ছেলে সাইফুর রহমান রিমন। ফলে বঞ্চিত হয়েছে তার দুই সন্তান, ৮ বছরের উম্মে মাইমুনা ওহী ও ৫ বছরের সামিউর রহমান সালমান। অবুঝ সন্তানদের নিয়ে তিনি খুব কষ্টে দিনাতিপাত করছেন।
শরিফা আক্তার বলেন, ২০১০ সালে লুৎফুর রহমান তাকে তৃতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন। তারা বসবাস করছিলেন হবিগঞ্জ শহরের খোয়াই মুখ আবাসিক এলাকায় নিজের বাসায়; কিন্তু ২০২০ সালের ২৩ মার্চ লুৎফুর রহমান মারা যান দেড় কোটি টাকার বেশি ব্যাংক ঋণ রেখে। এর পরপরই লুৎফুর রহমানের দ্বিতীয় স্ত্রী শাহিনা আক্তার ও তার সন্তানেরা বাসায় এসে তার উপর নির্যাতন শুরু করে। এমনকি তাকে কয়েক দফা হত্যার চেষ্টাও চালায়।
তিনি বলেন, লুৎফুর রহমান তাকে বিয়ের সময় জানিয়েছিলেন, তার প্রথম স্ত্রী মারা গেছেন। তবে এক কন্যা সন্তান রয়েছে তার। দ্বিতীয় স্ত্রী শাহিনা আক্তারকে তিনি ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর তালাক দেন। এ সংক্রান্ত প্রমাণপত্র তার কাছে রয়েছে। তালাকপ্রাপ্ত হয়ে শাহিনা আক্তার বাপের বাড়ি লক্ষীপুর জেলার এনায়েতপুরে চলে যান; কিন্তু লুৎফুর রহমান মারা যাওয়ার পর তিনি ও তার সন্তানেরা বাড়িতে এসে সব সম্পত্তি দখল করতে উদ্যত হয়। এ নিয়ে বিরোধ দেখা দিলে কয়েক দফা শালিস বসে; কিন্তু তারা শালিসের রায় অমান্য করে। পরবর্তী সময়ে খাগাউড়া পুলিশ ফাঁড়িতে ডাকা শালিসে দোকান ভিটাসহ জমি বিক্রি করে ব্যাংক ঋণ পরিশোধ করে বাকি সম্পত্তি ন্যায্য হিস্যা অনুযায়ী সবার মধ্যে ভাগ-বাটোয়ারার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শাহিনা আক্তার ও তার ছেলে-মেয়েরা এই সিদ্ধান্তও অমান্য করে। ফলে চরম বিরোধ দেখা দেয়। তখন সাইপ্রাস প্রবাসী শাহিনা আক্তারের ছেলে সাইফুর রহমান রিমন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মো শামছু মিয়াকে ফোনে পারিবারিক বিরোধ শালিসে নিষ্পত্তির অনুরোধ করে। শালিসে আগের রায়ই বহাল থাকে; কিন্তু খবর পেয়ে সাইফুর রহমান রিমন দেশে ফিরে শালিসের সিদ্ধান্ত অমান্য করে গত ২৭ এপ্রিল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক জমি ও বাসা-বাড়ি দখল করতে যায়। এ সময় তিনি বাধা দিলে তার ও তার সন্তানদের উপর হামলা চালানো হয়। এতে তিনি ও ছেলে-মেয়ে আহত হন। এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
তিনি জানমালের নিরাপত্তা ও স্বামীর সম্পত্তির ন্যায্য হিস্যা পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।