হবিগঞ্জে সীমান্ত এলাকায় দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

প্রকাশিত September 30, 2025
হবিগঞ্জে সীমান্ত এলাকায় দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর/১৫ আশ্বিন) বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে পূজামণ্ডপ পরিদর্শনে এসে এ তথ্য জানান বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সোহেল-উস-সামাদ।
তিনি আরও জানান, হবিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬০টি পূজামণ্ডপে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
এই পূজামণ্ডপগুলোর মধ্যে রয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২২টি এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ১৮টি ও মাধবপুরে ২০টি। এছাড়াও হবিগঞ্জ ব্যাটালিয়নের ২ কিলোমিটার এলাকায় আরও ১টি পূজা মণ্ডপ রয়েছে। এসব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এজন্য বিজিবির সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে-এমনকি যারা ছুটিতে ছিলেন তাদেরকেও ফেরত আনা হয়েছে। পূজা মণ্ডপগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি নিয়মিত রেকি ও টহল অব্যাহত থাকবে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সেখানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সেক্টর কমান্ডার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সীমান্তবর্তী এলাকায় বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।