হবিগঞ্জ প্রতিনিধি : ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই স্লোগানে হবিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ হবিগঞ্জ শহরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো সাদিকুর রহমানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো নূরুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সরকারি বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ চৌধুরী, মটর মালিক গ্রুপের সভাপতি মো ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খান ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো সজিব আলী।
দিবসটির তাৎপর্য তুলে ধরে মূল বক্তব্য দেন বিআরটিএর সহকারী পরিচালক মো হাবিবুর রহমান।
আলোচনা সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।