হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে স্থানীয় জালাল স্টেডিয়ামে ৯ উপজেলার অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর।
উল্লেখ্য, বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় ও হবিগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এতে মোট ৩২টি ইভেন্টে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।