হবিগঞ্জে বাণিজ্য মেলা মাঠ থেকে রেস্টুরেন্ট ওয়েটারের মরদেহ উদ্ধার

প্রকাশিত September 5, 2023
হবিগঞ্জে বাণিজ্য মেলা মাঠ থেকে রেস্টুরেন্ট ওয়েটারের মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে বাণিজ্য মেলা মাঠ (নিউফিল্ড) থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার, ৫ আগস্ট দুপুরে সদর থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। তার পরিচয়ও পাওয়া গেছে। সে লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের শিমুল (২৩)। এই যুবক জেলা শহরের কোর্ট স্টেশন এলাকায় ধানসিঁড়ি রেস্টুরেন্টের ওয়েটার ছিল।
বিষয়টি নিশ্চিত করে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, খবর পেয়ে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তবে এটি হত্যাকাণ্ড কি-না তা তদন্ত না করে নিশ্চিত করে বলা যাবেনা। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশ জানায়, বাণিজ্য মেলা মাঠে কিবরিয়া অডিটরিয়ামের দেয়ালের পাশে দুপুরে কিছু লোক একটি মরদেহ পড়ে থাকতে দেখে। তারা বিষয়টি সদর থানায় অবহিত করলে ঘটনাস্থলে ছুটে যান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ও সদর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মো বদিউজ্জামানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা। তারা মরদেহের পাশে পড়ে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে যুবকের পরিচয় নিশ্চিত করেন।