হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ৪র্থ দিন অতিবাহিত হয়েছে। ইতোমধ্যে চরম আকার নিয়েছে জনদুর্ভোগ; কিন্তু দুর্ভোগ লাঘবের কোন লক্ষণ দেখা যাচ্ছেনা।
নবীগঞ্জে সরকারি বাসস্ট্যান্ডে গাড়ি নিয়ে যেতে প্রশাসনের বাঁধার প্রতিবাদে ও অবৈধ সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ গত শুক্রবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু করে।
ধর্মঘটের কারণে সোমবারও হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোন দূরপাল্লার যানবাহন। অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষেরা। অনেকেই যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে পৌঁছতে পারছেন না। এছাড়া ভাড়াও বেশি গুণতে হচ্ছে।