হবিগঞ্জে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ৭০ জন আহত

প্রকাশিত July 31, 2023
হবিগঞ্জে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ৭০ জন আহত

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ সদর উপজেলায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের ২ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৭০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রাসেল নামের একজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সোমবার, ৩১ জুলাই সকালে উপজেলার লুকড়া ইউনিয়নের উত্তর বামকান্দি গ্রামের আফজল ও আজিজুলের লোকজনের মধ্যে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।