হবিগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় জেলা পর্যায়ে গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের তরুণ ভলান্টিয়ারদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর/১৪ আশ্বিন) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড মো ফরিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক টাইফয়েড থেকে মুক্ত থাকতে যথাসময়ে ভ্যাকসিন নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি জানান, সারাদেশে শীঘ্রই টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সফল করতে তরুণ স্বচ্ছাসেবীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের সদস্যদের এই ক্যাম্পেইন সফল করতে যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণ করতে হবে।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক মো আসাদুজ্জামান কাউছার। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা রত্নদ্বীপ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো মঈনুল হক, গণোযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মহিলা ও সমন্বয়) গাজী শরীফা ইয়াছমিন এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতনিধি কাজী দিল আফরোজ ইসলাম।
ওরিয়েন্টেশন কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় অর্ধশত তরুণ স্কাউট ও গার্লস গাইড ভলান্টিয়ার অংশগ্রহণ করেন।–পিআইডি সিলেট