হবিগঞ্জে কুমারী পূজায় দেবীরূপে পূজিত হলেন উৎসা চক্রবর্তী

প্রকাশিত September 30, 2025
হবিগঞ্জে কুমারী পূজায় দেবীরূপে পূজিত হলেন উৎসা চক্রবর্তী

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর/১৫ আশ্বিন) সকাল ১০টায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে এই পূজা অনুষ্ঠিত হয়।
এবার কুমারী হিসেবে পূজিত হয়েছেন শহরের চিড়াকান্দি এলাকার উজ্জ্বল চক্রবর্তী ও রিক্তা ভট্টাচার্য দম্পতির কন্যা উৎসা চক্রবর্তী।
৬ বছর ৮ মাস ১৯ দিন বয়েসী কুমারী মাতার শাস্ত্রীয় নাম দেওয়া হয় মালিনী কুমারী।
প্রাচীন ধর্মীয় আচার অনুযায়ী দেবী দুর্গার প্রতীক হিসেবে নির্বাচিত এই কুমারীকে প্রথমে স্নান করানো হয়। এরপর লাল শাড়ি পরিয়ে, হাতে শাঁখা, মাথায় ঝলমলে মুকুট আর দু’হাতে পুষ্প দিয়ে সাজানো হয় দেবীরূপে। এরপর পূজামণ্ডপে আনুষ্ঠানিকভাবে বসানো হলে পুরোহিতরা মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাকে দেবী দুর্গারূপে বরণ করে নেন।
কুমারী পূজাকে ঘিরে সকাল থেকেই রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপে ভক্তদের ঢল নামে। জেলার বিভিন্ন স্থান থেকে নানা বয়েসী হাজারো মানুষ ভিড় করেন সেখানে। ভক্তরা দেবীরূপে সজ্জিত কুমারীকে প্রণাম ও পূজা দেন। এসময় ভক্তদের ভক্তিমূলক গান, আরতি ও ধূপ-ধুনোর ঘ্রাণে এক ভিন্ন আবহ সৃষ্টি হয়। এদিকে কুমারী পূজা পরিদর্শন করেন হবিগঞ্জের পুলিশ সুপার এ এম এন সাজিদুর রহমান ও র‌্যাব-৯ সিলেটের অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।
তারা জানান, এবার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে।