হবিগঞ্জে কারাগারে থেকেই এসএসসি পরীক্ষা দিচ্ছে হত্যামামলার আসামি জান্নাতুল মুক্তা

প্রকাশিত May 10, 2023
হবিগঞ্জে কারাগারে থেকেই এসএসসি পরীক্ষা দিচ্ছে হত্যামামলার আসামি জান্নাতুল মুক্তা

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের শোয়েব আহমদ চৌধুরী হত্যা মামলার আসামি জান্নাতুল মুক্তা কারাগারে থেকেই এসএসসি পরীক্ষা দিচ্ছে।
বুধবার, ১০ মে হবিগঞ্জ জেলা কারা অফিস কক্ষে বসে সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-আইসিটি বিষয়ে পরীক্ষা দেয়। তার পরীক্ষা নেওয়ার দায়িত্ব পালন করেন জেলার মাসুদ হাসান ও হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক। দায়িত্ব পালন করে পুলিশও। জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো তুহিন হোসেন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
জেলার মাসুদ হাসান জানান, নিয়মতান্ত্রিকভাবে জান্নাতুল মুক্তার পরীক্ষা নেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে দ্বীননাথ ইনস্টিটিউশন কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করে বাহুবল থানা পুলিশ। পরে হবিগঞ্জ শিশু আদালত-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) সুদীপ্ত দাসের আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে থেকে পরীক্ষা দেওয়ার আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো নূরুজ্জামান জানান, জান্নাতুল মুক্তা কিশোরী হওয়ায় আদালত তাকে সিলেটের মহিলা ও শিশু-কিশোর নিরাপদ আবাসন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেন; কিন্তু সেখান থেকে তার এসএসসি পরীক্ষা কেন্দ্রের দূরত্ব বেশি হওয়ায় পরীক্ষা পর্যন্ত তাকে হবিগঞ্জ জেলা কারাগারে মহিলা ও শিশু-কিশোর নিরাপদ হেফাজতে রাখার আদেশ দেওয়া হয়। বিচারক বিধি মোতাবেক এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণের ব্যবস্থা করার জন্য হবিগঞ্জের জেল সুপারকে নির্দেশ দেন। পরীক্ষার পর তাকে সিলেট পঠিয়ে দেওয়া হবে। সে তার বাকি পরীক্ষাগুলো কারাগারে থেকেই দেবে।
উল্লেখ্য, ২০২২ সালের ৬ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে বাহুবল উপজেলার শংকরপুর গ্রামে মৃত কাইয়ূম চৌধুরীর ছেলে শোয়েব আহমেদ চৌধুরীর সঙ্গে তার চাচা মরহুম সিজিল মিয়া চৌধুরীর পরিবারের সংঘর্ষ হয়। এতে শোয়েব আহমেদ চৌধুরী সহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় শোয়েব আহমদ চৌধুরীকে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শোয়েব আহমদ চৌধুরীর মা রহিমা চৌধুরী বাদি হয়ে জান্নাতুল মুক্তা সহ ৭ জনকে আসামি করে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন।