হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে এক মতবিনিময় সভায় বক্তারা অভিমত রেখেছেন, এইচআইভি/এইডস থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে জনসচেতনতার কোন বিকল্প নেই।
তাই সামাজিক আন্দোলনের মাধ্যমে এই মরণব্যাধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে।
বুধবার, ১৪ জুন সকালে হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাঁধন হিজড়া সংঘের উদ্যোগে এইচআইভি/এইডস বিষয়ক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা মো নূরুল হক।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ব্র্যাকের হবিগঞ্জ জেলা সমন্বয়ক মো আতাউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী, অ্যাডভোকেট ফারুক আহমেদ, অ্যাডভোকেট প্রণব কুমার, মানবাধিকার কর্মী আনিছুর রহমান তালুকদার, ভারতী হিজড়া ও হিজড়ার গুরু মা সুমনা হিজড়া। স্বাগত বক্তব্য রাখেন মেরী স্টোপসের প্রাক্তন ম্যানেজার রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন বাঁধন হিজড়া সংঘের মেডিক্যাল এসিস্ট্যান্ট মো রুবেল মিয়া।
উল্লেখ্য, প্রায়োটাইজড এইচআইভি প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট সার্ভিসে ফর কি পপুলেশন ইন বাংলাদেশ দি গ্লোবাল ফান্ড প্রজেক্টের সহযোগিতায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।