হবিগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বিধবা নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে মারপিটের অভিযোগ

প্রকাশিত June 25, 2026
হবিগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বিধবা নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে মারপিটের অভিযোগ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ গ্রামের আশ্রয়ণ প্রকল্পের এক বিধবাকে ধর্ষণে ব্যর্থ হয়ে মারপিটের অভিযোগ করা হয়েছে।
গুরুতর আহত জুলেখা আক্তার এখন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৩ জুন দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ হাসপাতালে গিয়ে নির্যাতিতার জবানবন্দি গ্রহণ করে।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে দীঘলবাগ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। অপর অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
আহত নারী জানান, ২/৩ বছর ধরে দীঘলবাগে সরকারের নির্মিত আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে তিনি তার এক সন্তান নিয়ে বসবাস করছেন। ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছিলেন তিনি। বেশ কিছুদিন ধরে তার প্রতি কুনজর দেয় সোহেল মিয়া। প্রায় সময়ই তাকে কুপ্রস্তাব দিতো। এতে তিনি রাজি না হওয়ায় দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানি করছে।
মঙ্গলবার রাত দেড়টার দিকে সোহেল মিয়া তার সহযোগী আউয়াল মিয়া, জসিম মিয়া ও মাসুক মিয়াকে নিয়ে তার দরজায় গিয়ে ডাকাডাকি করে। এক পর্যায়ে তিনি দরজা খুলে দিলে তারা ঘরের ভিতরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে তিনি বাধা দিলে তাকে রবধড়ক মারপিট করে চলে যায়।
পরবর্তী সময়ে গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
বুধবার সকালে তাকে দেখতে হাসপাতালে যান গোপায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান। পরে তিনি বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানাকে অবহিত করেন।
চেয়ারম্যান এম এ মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো জাহিদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে।