‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক-বিএনকিউএফ মানদণ্ডের সাথে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মডুলার কারিকুলাম ও সিলেবাসের সমন্বয়’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন/৩১ জ্যৈষ্ঠ) হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়-হকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল-আইকিউএসি আয়োজিত এই কর্মশালার সমাপনী অধিবেশন একাডেমিক ভবন-২ এ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসির সদস্য অধ্যাপক ড এ এস এম গোলাম হাফিজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈশ্বিক উচ্চশিক্ষা ব্যবস্থার পরিবর্তিত বাস্তবতায় দক্ষতা, যোগ্যতা ও শিক্ষণফলভিত্তিক শিক্ষা নিশ্চিত করা সময়ের দাবি।
তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিএনকিউএফ বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
কর্মশালাটির পৃষ্ঠপোষক ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। তিনি তার বক্তব্যে বলেন, বিএনকিউএফের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের সমন্বয় শিক্ষার গুণগত মানোন্নয়ন, অ্যাক্রেডিটেশন অর্জন ও বৈশ্বিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করতে সহায়ক হবে।
তিনি শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষকের সহযোগিতা কামনা করেন এবং কর্মশালার রিসোর্স পারসন, অতিথিবৃন্দ, আয়োজক কমিটি ও অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান।
পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে অনুষদভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিএনকিউএফের আলোকে বিদ্যমান একাডেমিক প্রোগ্রাম, মডুলার কারিকুলাম ও সিলেবাসের সামঞ্জস্য বিধান, শিক্ষণফলভিত্তিক পাঠ্যক্রম উন্নয়ন, কারিকুলাম ম্যাপিং ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী রিসোর্স পার্সন ও শিক্ষকবৃন্দের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ে গুণগত ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি