সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন লিমনকে গ্রেফতারে বিএনপির জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকারের পদত্যাগের একদফা দাবিতে অবরোধ কর্মসূচি চলাকালে শান্তিপূর্ণ মিছিল থেকে এই চার নেতাকে গ্রেফতার করা হয়েছে, যা কোন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়েনা।
বিবৃতিতে বলা হয়, বিএনপি এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে লড়াই করছে। এভাবে গ্রেফতার ও নির্যাতন করে জনতার চলমান আন্দোলনকে বন্ধ করা যাবেনা।
নেতৃবৃন্দ এই চার জনসহ গ্রেফতারকৃত সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি ও দায়ের করা সকল রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার করার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় দেশবাসী ‘ফ্যাসিস্ট’ সরকারকে ক্ষমা করবে না। সংবাদ বিজ্ঞপ্তি