স্বাস্থ্য ও শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: সাংসদ এম এ মালিক

প্রকাশিত February 24, 2026
স্বাস্থ্য ও শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: সাংসদ এম এ মালিক

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেছেন, গত ১৫ বছরে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছেন।
তিনি জানিয়েছেন, রাষ্ট্র সংস্কার কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য ও শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সিলেট মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ এসব কথা বলেন।
এম এ মালিক বলেন, তিনি স্বাস্থ্য ও শিক্ষা—এই দুই খাতকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চান। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে স্বাস্থ্যসেবার ঘাটতি দ্রুত পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, সংশ্লিষ্ট তিন উপজেলার ইউএনওদের সঙ্গে মাসিক সমন্বয় সভা শুরু হবে এবং দক্ষিণ সুরমায় প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাষা আন্দোলনসহ বিভিন্ন সময়ে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
একই সঙ্গে দেশের মানুষের কল্যাণ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো ফয়সল আহমেদের সহযোগিতায় আয়োজিত মাহফিলে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি