বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আহ্বায়ক মো সুরমান আলীর আকস্মিক মৃত্যুতে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় মন্ত্রী বলেছেন, “হাজী মো সুরমান আলী ছিলেন রাজপথের একজন ত্যাগী ও লড়াকু সৈনিক। সিলেটের রাজনৈতিক অঙ্গনে এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এই মৃত্যুতে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে এবং সিলেট বিএনপি পরিবারে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো, যা সহজে পূরণ হবার নয়।”
আরিফুল হক চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন এই প্রিয় নেতাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।
একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মো সুরমান আলী যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের মেমোরিয়াল স্লোন কেটারিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বুধবার রাতে ইন্তেকাল করেন।