সোনার ফসল রক্ষায় শাল্লার হাওরে বাঁধ নির্মাণ শুরু হচ্ছে ডিসেম্বরে

প্রকাশিত November 18, 2025
সোনার ফসল রক্ষায় শাল্লার হাওরে বাঁধ নির্মাণ শুরু হচ্ছে ডিসেম্বরে

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আসন্ন বোরো মৌসুমে ফসল রক্ষায় হাওর রক্ষা বাঁধ নির্মাণের প্রস্তুতি পুরোদমে চলছে।
সোনার ফসল সুরক্ষিত রাখতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-পাউবোর তত্ত্বাবধানে উপজেলার ছয়টি গুরুত্বপূর্ণ হাওরের মধ্যে ভরাম, কালিয়ারকোটা ও ভান্ডাবিলে প্রাথমিক জরিপ কার্যক্রম দ্রুত গতিতে চলছে।
পাউবোর শাল্লা শাখার উপ সহকারী প্রকৌশলী ওবাইদুল হক জানান, গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই জরিপ কাজ ভরাম হাওরে প্রায় ৮০ ভাগ সম্পন্ন হয়ে গেছে।
তিনি জানান, নির্মাণ কাজে গতি আনতে ও সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করতে অন্য জেলা থেকেও বিশেষ সার্ভে টিম আনা হয়েছে, যারা পোস্ট-ওয়ার্ক পর্যন্ত তদারকিতে থাকবে।
ফসল রক্ষা বাঁধ নীতিমালা ২০২৩ অনুযায়ী স্থানীয় প্রকৃত কৃষকদের সরাসরি অংশগ্রহণে গঠিত পিআইসির মাধ্যমে বাঁধ নির্মাণ বা প্রকল্প বাস্তবায়নের মূল কাজ আগামী ডিসেম্বরের ১৫ তারিখ নাগাদ শুরু করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে।
উল্লেখ্য, গত অর্থবছরে (২০২৪-২৫) শাল্লায় বাঁধ নির্মাণে প্রায় ২৫ কোটি টাকা ব্যয় হয়। এর সুফলস্বরূপ হাওরগুলোতে প্রায় ৪০০ কোটি টাকার ধান উৎপাদিত হয়েছিল।
তাই সময়মতো মানসম্মত বাঁধ নির্মাণ নিশ্চিত হলে এবারও কৃষকদের সোনার ফসল সুনিশ্চিতভাবে সুরক্ষিত থাকবে বলে আশা করা হচ্ছে।