বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি মুফতি ফয়জুল্লাহ বলেছেন, মুসলমানের প্রধান ও প্রথম বৈশিষ্ট্য হলো জ্ঞান। ইসলাম কোন নিছক ধর্ম নয়-এটা হলো দ্বীন। আর দ্বীনের মধ্যে ঈমান, ইবাদত, চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থা ও সমাজব্যবস্থা এই ছয়টি বৈশিষ্ট্য থাকতে হয়। এই ছয় বৈশিষ্ট্যে না থাকলে কোন শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বলা যাবেনা। সৈয়দ শাহ শামসুদ্দিন (র) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসায় এই ছয় বৈশিষ্ট্যের শিক্ষা রয়েছে।
বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে সৈয়দ শাহ শামসুদ্দিন (র) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার বার্ষিক জলসায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
জলসার বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন জামেয়া ক্বাসিমূল উলূম দরগায়ে হযরত শাহজালাল (র) মাদরাসার মুহতামীম ও শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী, সৈয়দপুর জামেয়া হোসেনিয়া হাফিজিয়া টাইটেল মাদরাসার মুহতামীম হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম ও সৈয়দপুর হাড়িকোনা মহিলা মাদরাসার মুহতামীম মাওলানা সৈয়দ আবু আলী। মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক খান, মাওলানা মুফতি নোমান আহমদ, সৈয়দ শাহ শামসুদ্দিন (র) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার শায়খুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, সিলেট বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা কারী মুখতার আহমদ, জামিয়া দারুল হুদা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান কাসেমী ও জামিআ সিদ্দিকিয়ার শিক্ষা সচিব হাফিজ মাওলানা আফতাবুজ্জামান হেলাল।
জলসায় বিগত মজলিশে শুরায় পাশকৃত রিপোর্টের সারসংক্ষেপ ও আগামী বাজেট বিষয়ে কথা বলেন মাদরাসার মুহতামীম সৈয়দ মুমিন আহমদ মবনু। তিনি জানান, আগামী বাজেটে অনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ টাকা।
জলসায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদ, হাফিজ মাওলানা শিব্বির আহমদ, হাফিজ মাওলানা জালাল আহমদ ইমদাদ, হাফিজ মাওলানা সুহাইল আহমদ, হাফিজ মহীউদ্দিন ও সৈয়দ হিলাল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি