স্বপ্নের পদ্মা সেতু নিয়ে তৈরি হয়েছে ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ চলচ্চিত্র। চিত্রনায়ক সাঞ্জু জন ও চিত্রনায়িকা অলিভিয়া মাইশা অভিনীত এই ছবিটি পরিচালনা করেছেন আলী আজাদ। নির্মাতা জানান, শিগগির ছবিটি সেন্সরে জমা পড়বে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই মুক্তির অনুমতিপত্র হাতে আসতে পারে।
জুন মাসের শুরুতে ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ ছবির শুটিং শুরু হয়। টানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ হয়েছিল। শুটিং হয় শরিয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীর পারে। সাঞ্জু জন-অলিভিয়া মাইশা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন, রায়হান মুজিব, হিমেল রাজ, খুকু, শাহিন খান, আনোয়ার সিরাজী, শান্তা পাল প্রমুখ।
ঐতিহাসিক পদ্মা সেতুকে কেন্দ্র করে নানা ঘটনা নিয়ে এগিয়েছে ছবির গল্প। শুটিং ও ডাবিং ছাড়া ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ ছবির যাবতীয় পোস্ট প্রডাকশনের কাজ করা হয় মাদরাজ থেকে।
অলিভিয়া মাইশা জানান, বর্তমান সময়ের অনেক ছবি থেকে এ ছবিতে তার চরিত্রের ধরন ভিন্ন বলে মনে হয়েছে। ভালো কাজের অপেক্ষায় ছিলেন। ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ তেমনই একটি ছবি হতে যাচ্ছে।
কাজী সাইমুল হক নিবেদিত ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ প্রযোজনা করেছেন, বড়ুয়া মনোজিত ধীমন।-সংবাদ বিজ্ঞপ্তি