সুরমা চা বাগানে চাঞ্চল্যকর নারী পর্যটক গণধর্ষণ মামলায় গ্রেফতার ১

প্রকাশিত March 28, 2026
সুরমা চা বাগানে চাঞ্চল্যকর নারী পর্যটক গণধর্ষণ মামলায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সুরমা চা বাগানে চাঞ্চল্যকর নারী পর্যটক গণধর্ষণের মামলায় অভিযুক্ত শাহিন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বারগড়িয়া এলাকার এক প্রবাসীর স্ত্রী গত ২৩ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে তার এক বন্ধুর সাথে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন এলাকার সুরমা চা বাগানে ঘুরতে যান।
সেখানে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি লাঠি হাতে ডাকাত বলে তাদেরকে ধাওয়া করলে নারীর সঙ্গী দৌড়ে পালিয়ে যায়।
এরপর সেই ব্যক্তিদ্বয় একা হয়ে পড়া নারীকে জোরপূর্বক সুরমা চা বাগানের গভীরে নির্জন স্থানে নিয়ে পর্যায়ক্রমে গণধর্ষণ করে ও তার কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
পরবর্তী সময় তার কান্নাকাটি শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
এই ঘটনায় নির্যাতিত নারী মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ ও সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল শনিবার (২৮ মার্চ/১৪ চৈত্র) আনুমানিক রাত সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি মো শাহীন মিয়াকে (৩০, পিতা মো কালা মিয়া, পরমানন্দপুর, মাধবপুর, হবিগঞ্জ) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।