সুবিপ্রবি পূর্বরির্ধারিত স্থানে স্থাপনের দাবি শান্তিগঞ্জ সমিতি সিলেটের

প্রকাশিত October 28, 2025
সুবিপ্রবি পূর্বরির্ধারিত স্থানে স্থাপনের দাবি শান্তিগঞ্জ সমিতি সিলেটের

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-সুবিপ্রবি পূর্বরির্ধারিত স্থানে স্থাপন করতে শান্তিগঞ্জ সমিতি সিলেট দাবি জানিয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর/১২ কার্তিক) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে ্রক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এতে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি কবিরুল ইসলাম বলেন, ২০২০ সালে জাতীয় সংসদে পাশ করা ২৩ নম্বর আইন অনুযায়ী শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ সদর-এ দুই উপজেলার মধ্যবর্তী দেখার হাওর পারে সুবিপ্রবি স্থাপন করা বাধ্যতামূলক। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত স্থানটি সকল দিক থেকে সুবিধাজনক। এছাড়াও জেলার মধ্যবর্তী জায়গা এবং সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সন্নিকটে হওয়ায় যোগাযোগ সুবিধা রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে প্রথম ও দ্বিতীয় ব্যাচের ক্লাস চলছে। শিক্ষার্থীদের আবাসন হিসেবে বিনামূল্যে ব্যবহার করা হচ্ছে নিকটবর্তী বিভিন্ন কলেজ ও মাদরাসা ভবন। শিক্ষার্থীদের পরিবহনের জন্যে সুনামগঞ্জ পর্যন্ত একটি দোতলা বাসও নিয়মিত যাতায়াত করে।
প্রাকৃতিক পরিবেশ যেমন চমৎকার তেমনি সুবিপ্রবির নির্ধারিত স্থানের অধিকাংশই খাস জমি। এখানে ব্যক্তিমালিকানা জমির দামও কম। সুনামগঞ্জ শহর থেকে দূরত্ব মাত্র ৮ কিলোমিটার থেকে ১০ কিলোমিটার। এছাড়া উপজেলাগুলোর সঙ্গেও সহজ যোগাযোগ সুবিধা রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
একই সঙ্গে অভিযোগ করা হয়, মহল বিশেষ পূর্ব নির্ধারিত স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপনের বিরোধিতা করে এবং মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে একটি মহৎ উদ্যোগ বানচালের অপচেষ্টা চালাচ্ছে। দোহাই দিচ্ছে প্রতিবেশ-পরিবেশের। এতে সুবিপ্রবির কার্যক্রম বাস্তবায়ন কয়েক বছর পিছিয়ে যেতে পারে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি স্থাপনের দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন এবং প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে। এবার গণঅনশন কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি হযরত আলী তালুকদার, সহসভাপতি মশিউর রহমান জায়গীরদার, সুয়েব আহমদ, রেজওয়ানুল হক, তালেব হোসেন, বাবলুল হক, যুগ্মসম্পাদক সাংবাদিক এম জে এইচ জামিল, সহসাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, কোষাধ্যক্ষ মো সাইরুল ইসলাম, প্রচার সম্পাদক রাজিব হোসাইন, সহ দপ্তর সম্পাদক রাফি মিজান নূর, নির্বাহী সদস্য সোহাগ মিয়া, ফিরোজ আহমদ ফিরোজ ও ইমামুল তালুকদার তপন।