সুন্দর ও পরিবেশবান্ধব সিলেট গড়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রকাশিত August 25, 2025
সুন্দর ও পরিবেশবান্ধব সিলেট গড়ার আহ্বান জেলা প্রশাসকের

সিলেটের নবাগত জেলা প্রশাসক সারওয়ার আলম বলেছেন, সরকারি দপ্তরগুলো একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই কোনো একটি দপ্তরের সেবায় বিঘ্ন ঘটলে তা সামগ্রিকভাবে প্রভাব ফেলে। কাজেই প্রতিটি দপ্তরকে একসূত্রে কাজ করতে হবে। তিনি আরও বলেছেন, সবাই মিলেই একটি সুন্দর ও পরিবেশবান্ধব সিলেট গড়ে তুলতে হবে।
সোমবার (২৫ আগস্ট/১০ ভাদ্র) সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ ও সিভিল সার্জন ডা মো নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বর্তমান যুগ কানেক্টিভিটির যুগ উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, প্রতিটি দপ্তরের মধ্যে কানেক্টিভিটি বাড়াতে হবে।
তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে। জনগণকে যথাযথভাবে সেবা প্রদান করা আবশ্যিক দায়িত্ব। আধুনিক ও স্বয়ংস্বম্পূর্ণ সিলেট গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে উন্নয়নের উপর জোর দিতে হবে।
জেলা প্রশাসক পরিবেশ সংরক্ষণের মাধ্যমে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোকে আরও আকর্ষণীয় করতে কার্যকর পদক্ষেপের কথাও জানান।
সিলেট মহানগরীকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনার পাশাপাশি সকলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ জেলা প্রশাসককে সিলেটে স্বাগত জানান।
তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করে দপ্তরসমূহের সেবার মান বৃদ্ধি করার ব্যাপারে মতামত তুলে ধরেন।
এছাড়া সুন্দর ও আধুনিক সিলেট গড়ে তুলতে একযোগে কাজ করার অঙ্গীকারও সকলে ব্যক্ত করেন।–পিআইডি সিলেট