বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় সুনামগঞ্জে সাংবাদিকদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর/৪ কার্তিক) সকাল ১১টায় জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা রাজেশ সিংহ মিথুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক কৃষিবিদ মো মোশারফ হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার শতাব্দী ভট্টাচার্য ও ইউনিসেফের প্রতিনিধি তানভীরুল ইসলাম।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং এর মধ্যে ১ লাখ ১০ হাজার মানুষ মৃত্যুবরণ করে।
তাই টাইফয়েড সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান।