সুনামগঞ্জে শিল্পীদের আর্থিক নিরাপত্তা ও পেনশন ভাতার দাবিতে মানববন্ধন

প্রকাশিত August 1, 2023
সুনামগঞ্জে শিল্পীদের আর্থিক নিরাপত্তা ও পেনশন ভাতার দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে শিল্পীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পেনশন ভাতার দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার, ১ আগস্ট দুপুরে শহরের আলফাত স্কয়ারে বেতার ও টেলিভিশন শিল্পী পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো আপ্তাব মিয়া, সাধারণ সম্পাদক দেবদাস চৌধুরী রঞ্জন, বাউল শিল্পী হীরামন তালুকদার, সাজিদ মিয়া, সংগীত শিল্পী অঞ্জন চৌধুরী, জুবায়ের বখত সেবুল, শাহীন বখত, বিধান চন্দ্র বনিক, সোহেল রানা, তপন কর, রূপু বনিক, দেবাশীষ তালুকদার শুভ্র, সুষেন চন্দ্র, রিপন চন্দ, আবির আহমদ, আবু তাহের ও তুর্জ দাস রাজ।
বক্তারা বলেন, একজন শিল্পী অনেক কষ্টে অডিশনে পাস করে বেতার ও বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হন; কিন্তু কোনো নীতিমালা না থাকায় শিল্পীরা তেমনভাবে মূল্যায়ন পাননা। সম্মানি খুবই কম। নানাভাবে শিল্পীরা অবহেলার শিকার। তাই শেষ জীবনে শিল্পীদের পেনশনের ব্যবস্থা জরুরি।
মানববন্ধন শেষে শিল্পীরা সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেন।