সুনামগঞ্জে যমুনা টিভি প্রতিনিধির উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার

প্রকাশিত May 6, 2023
সুনামগঞ্জে যমুনা টিভি প্রতিনিধির উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার আশ্রয়ণ প্রকল্পে গৃহ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির খবর প্রচার করায় যমুনা টিভির সুনামগঞ্জ প্রতিনিধি মো আমিনুল ইসলামের উপর হামলার ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত জিল্লুর রহমান সজীব সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ।
হামলার ঘটনায় শুক্রবার, ৫ মে সকালে যমুনা টিভির প্রতিনিধি সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। বিকেলে পুলিশ শহরের তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে জিল্লুর রহমান সজীবকে তার বাসা থেকে গ্রেফতার করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের আদেশে জিল্লুর রহমান সজীবকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।