সুনামগঞ্জে ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন’ উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ

প্রকাশিত December 11, 2023
সুনামগঞ্জে ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন’ উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন-২০২৩’ উপলক্ষ্যে জেলার ১২ উপজেলা ও ৪ পৌরসভার ২ হাজার ১৭৮টি কেন্দ্রে প্রায় ৩ লাখ ৫০ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।
রবিবার, ১০ ডিসেম্বর সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন’ সম্পর্কে সাংবাদিকদেরকে অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়।
সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা শুকদেব সাহার সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো ওমর ফারুকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, আরটিভি প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুব রহমান পীর, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি শাহাজান চৌধুরী ও সাংবাদিক এ কে মিলন আহমদ।
ডেপুটি সিভিল সার্জন শুকদেব সাহা জানান, আগামী ১২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৭ হাজার ৮০০ শিশুকে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৯ হাজার ৪৫০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও জানান, জেলার ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজর, দিরাই ও শাল্লা উপজেলার দুর্গম এলাকায় পরবর্তী ২দিন বাদ পড়া শিশুদের খুঁজে বের করে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।