বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : কাতারে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে অভিবাসন প্রত্যাশীদের নিকট থেকে অর্ধকোটি টাকা আত্মসাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
রবিবার,১০ মার্চ দুপুরে শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে অভিযোগ করা হয়, সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা শামছুন্নাহার ও তার দুই ভাই কাতার প্রবাসী এমাদ উদ্দিন ও সজল মিয়া বিদেশে পাঠানোর নাম করে উপজেলার বিভিন্ন গ্রামের ১৬টি পরিবারের নিকট থেকে এই টাকা নিয়ে আত্মসাৎ করেন। এ ব্যাপারে প্রতারিতদের পক্ষ থেকে একটি মামলাও দায়ের করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা মানবপাচার চক্রের নিকট থেকে টাকা উদ্ধারসহ আইনি সহায়তার জন্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নাছিমা বেগম, নূর মোহাম্মদ, মানিক মিয়া ও আলী আজগর।