সুনামগঞ্জ প্রতিনিধি : ‘আর নয় বাল্যবিয়ে-এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ এ প্রতিপাদ্য নিয়ে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮’ অবহিতকরণ ও পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৪ মে সকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, কানাডা ইন্টারন্যাশনাল ও এফআইভিডিবির যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক এ জে এম রেজাউল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়, বেসরকারি সংস্থা এফআইভিডিবির বিভাগীয় ব্যবস্থাপক নজরুল ইসলাম মনজুর, বিভাগীয় সমন্বয়কারী জাহেদ আহমদ, চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট সুমনা চৌধুরী, সাংবাদিক লতিফুর রহমান রাজু, কুলেন্দু শেখর দাস ও বিন্দু তালুকদার।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মহি উদ্দিন বলেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮’ কার্যকরে গণমাধ্যমের ভূমিকার বিকল্প নেই।
তিনি হুশিয়ার করে দেন, কোন কাজি কিংবা জনপ্রতিনিধি অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে বিয়ে পড়ালে কিংবা জন্মনিবন্ধন সনদ দিলে তার বিরুদ্ধে তথ্য প্রমাণের ভিত্তিতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।