সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ইতিহাসে এই প্রথমবার বৃহৎ পরিসরে আয়োজিত দু’দিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম জন্মমহোৎসব শুক্রবার শেষ হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার সৎসঙ্গ বাংলাদেশ, সৎসঙ্গ বিহার পূর্ব নতুনপাড়া সুনামগঞ্জের উদ্যোগে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এই মহোৎসবের আয়োজন করা হয়। কর্মসূচিতে ছিল সমবেত প্রার্থনা, নামজপ, আলোচনা সভা ও ভক্তিমূলক গান। সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে অনুকূল ঠাকুরের ভক্তরা এতে অংশ নেন।
জন্মমহোৎসবে সমবেত হাজারো ভক্তের চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম সার্বক্ষণিক সেবা দেয়। এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা আশুতোষ দাস। সৎসঙ্গ বিহার পূর্ব নতুনপাড়া সুনামগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক অসিত কুমার দাসের সভাপতিত্বে ও শিক্ষক নেতা সজল দাসের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পীযূষ কান্তি দাস মানিক।