সুনামগঞ্জে ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

প্রকাশিত April 8, 2023
সুনামগঞ্জে ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সংবাদ সম্মেলন ও সদর মডেল থানায় মশিউর রেজা টিংকু স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগের প্রতিবাদে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সংবাদ সম্মেলন করেছে।
শনিবার, ৮ এপ্রিল দুপুর ২টায় শহরের মল্লিকপুরে নতুন বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আহুত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো নূর উদ্দিন।
তিনি বলেন, গত ৩ এপ্রিল আহুত সংবাদ সম্মেলনে শহরের ওয়েজখালীর বলাকা পেট্রোলপাম্পের স্বত্বাধিকারী মশিউর রেজা টিংকু ও তার বড়ভাই মাহবুবুর রহমান জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের বিরুদ্ধে দখলীয় জায়গায় রাতের অন্ধকারে ঘর বানানো, ১০ লাখ টাকা চাঁদা দাবি, অবৈধ অস্ত্র বের করে ত্রাসের রাজত্ব কায়েম ও অন্যত্র চলে যাওয়ার যে বর্ণনা দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত। তারা এমন মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি দাবি করেন, যে জায়গাটি নিয়ে মিথ্যাচার করা হয়েছে প্রকৃতপক্ষে এই জায়গাটি সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নিকট হতে মৌখিক অনুমতি নিয়ে তারা দীর্ঘদিন ধরে একটি টিনসেড ঘর বানিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন।
মশিউর রেজা টিংকুরা ওয়েজখালী মসজিদের জায়গাটুকু সড়ক ও জনপথ বিভাগের নিকট হতে গোপনে ইজারা নেওয়ার পায়তারা করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বিষয়টির সঠিক তদন্তের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মো আব্দুস সামাদ, সদর উপজেলা সভাপতি মছব্বির মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল জাহান, সহসাধারণ সম্পাদক গোপাল মালাকার ও সাংগঠনিক সম্পাদক আবু খালেদ মাছুম।