সুনামগঞ্জে গোচারণ ভূমিতে বাজার নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত February 25, 2024
সুনামগঞ্জে গোচারণ ভূমিতে বাজার নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নে গোচারণ ভূমিতে বাজার নির্মাণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
রবিবার, ২৫ ফেব্রুয়ারি (১২ ফাল্গুন) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এই জায়গায় আশেপাশের তিনটি গ্রামের কৃষকদের ফসল মাড়াই, পূজা এবং অন্যান্য অনুষ্ঠানও হয়ে থাকে; কিন্তু একটি প্রভাবশালী মহল সেখানে মাটি ভরাট করে বাজার নির্মাণ করার চেষ্টা করছে।
তারা অবিলম্বে মাটি ভরাটের কাজ বন্ধ করতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সবুজ কান্তি দাস, বেহেলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পল্টু দাস ও বেহেলী ইউনিয়ন পরিষদ মেম্বার যীশু তালুকদার।