সুনামগঞ্জে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৬ জন গ্রেফতার

প্রকাশিত November 13, 2025
সুনামগঞ্জে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জে ব্যবসার ফাঁদ পেতে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে।
র‌্যাব জানায়, ৫/৬ মাস পূর্বে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র প্রতারণার উদ্দেশ্যে সপরিবারে সুনামগঞ্জের রাধানগর এলাকায় মেসার্স আব্দুল্লাহ বাণিজ্যালয় নামে ব্যবসা প্রতিষ্ঠান চালু করে। প্রথমে তারা বাজার দরের চেয়ে কম মূল্যে পিঁয়াজ, রসুন ইত্যাদি স্থানীয় ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে তাদের বিশ্বাস অর্জন করে।
পরবর্তী সময়ে এসব পণ্যের একটি বড় চালান নিয়ে আসার কথা বলে ও অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে স্থানীয় ব্যবসায়ীদের নিকট থেকে কোটি টাকার বেশি অগ্রিম গ্রহণ করে; কিন্তু গত ২৮ এপ্রিল নিজেদের প্রতিষ্ঠান মেসার্স আব্দুল্লাহ বাণিজ্যালয় ও মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে চলে যায়। এ ব্যাপারে এক ব্যবসায়ী বাদি হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে অধিনায়ক, র‌্যাব-৯, সিলেটের নির্দেশক্রমে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধার সহযোগিতায় গত ১১ নভেম্বর আনুমানিক রাত সোয়া ৯টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীবর্দীপুর ঘোষপাড়া গ্রামে জনৈক আমিরুলের বাড়িতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মো রফিকুল ইসলাম সোহেল (৩৯, পিতা মো আবুল হাসেম, বাসুরদিয়ার বড়বাড়ি, কিশোরগঞ্জ), শাহানা পারভীন (৪৩, পিতা আব্বাস উদ্দিন, নিকলি নাগার ছিহাটি, নিকলি, কিশোরগঞ্জ) ও মো মশিউর রহমান ওরফে মাসুক (৩০, পিতা মো হেকিম মিয়া, বৌলাই, কিশোরগঞ্জ) এবং তদন্তে প্রাপ্ত আসামি মো শফিউর রহমান (২৬, পিতা মো আব্দুল হেকিম, রঘুনন্দনপুর বটতলা, কিশোরগঞ্জ) রিনা আক্তার (২০, স্বামী মো শফিউর রহমান, রঘুনন্দনপুর বটতলা, কিশোরগঞ্জ) ও নারগিস আক্তারকে (৩৪, স্বামী মো রফিকুল ইসলাম সোহেল, বাসুরদিয়ার বড়বাড়ি, -কিশোরগঞ্জ) গ্রেফতার করতে সক্ষম হয়।
এই সংঘবদ্ধ প্রতারক চক্রটি ইতঃপূর্বে অন্যান্য জেলায় প্রতারণা করে ব্যবসায়ীদের টাকা আত্মসাৎ করেছে। সর্বশেষ তারা বর্তমানে গাইবান্ধা জেলায় প্রতারণার ফাঁদ পেতেছিল।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।