বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো মোবারক হোসেন মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার, ২৫ আগস্ট বিকেলে উত্তর সুরমা-সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মো ওয়াহিদ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো মোবারক হোসেন। আরও বক্তব্য রাখেন উত্তর সুরমা-সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর কল্যাণ ঐক্য পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিফা শাহ ফজলুর রহমান ভান্ডারী, বীর মুক্তিযোদ্ধা রুকন উদ্দিন, মো নূরুল ইসলাম, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো আব্দুল কাদির ও আমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী।
মনোনয়ন প্রত্যাশী মো মোবারক হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে সারাদেশে উন্নয়ন সাধিত হলেও এই আসনের সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা উন্নয়ন বঞ্চিত রয়েছে। কারণ বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির হওয়ায় সুষম উন্নয়নের স্বাদ আওয়ামী লীগের ভোটারগণ পাচ্ছেননা।