সিসিকে নিয়োগের নামে প্রতারণা || সতর্ক থাকার আহ্বান প্রশাসকের

প্রকাশিত April 22, 2026
সিসিকে নিয়োগের নামে প্রতারণা || সতর্ক থাকার আহ্বান প্রশাসকের

সিলেট সিটি কর্পোরেশন-সিসিকে বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দিয়ে কিছু অসাধু চক্র চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অর্থ গ্রহণ করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নজরে এসেছে বিষয়টি। তিনি জানিয়েছেন, বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনে কোনো ধরনের জনবল নিয়োগ কার্যক্রম চলমান নেই। নেই নিয়োগের নামে অর্থ লেনদেনের কোনো সুযোগও। তবু একটি প্রতারক চক্র ভুয়া আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেছেন, “সিটি কর্পোরেশনের নামে বা আমার নাম ব্যবহার করে কেউ যদি নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে টাকা দাবি করে, তা সম্পূর্ণ প্রতারণা। এ ধরনের প্রলোভনে কেউ যেন পা না দেন।”
সিসিক প্রশাসক আরও জানিয়েছেন, নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্য শুধুমাত্র সিটি কর্পোরেশনের সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমেই প্রকাশ করা হয়।
তাই কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে চাকরি পাওয়ার আশ্বাসে বিশ্বাস না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “কেউ যেন কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করেন। প্রতারণার শিকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।”
সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি